একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার জেরে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাতে মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতুর ওপর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সমাবেশ শেষে সন্ধ্যার পর মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।