ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, রংপুরে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সম্মেলনটি পণ্ড হয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা ট্রিবিউন জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুর স্টেডিয়ামে এই দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শমু। সংঘর্ষের সময় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারসহ বেশ কয়েকজন জেলা ও মহানগর নেতা আহত হন।
ঢাকা ট্রিবিউনকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ জানান, কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।






