বাংলা ট্রিবিউনের কাছে পাঠানো বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ তার নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তিনি উল্লেখ করেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
বাণীতে আরও বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন দিবসটির তাৎপর্য বাড়িয়েছে। যুদ্ধবিরতির পরও হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়ে গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।






