ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কর্মসূচির প্রভাবে জেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস-আদালত, ব্যাংক-বিমা ও থানার সামনের গেট বন্ধ থাকলেও ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন।

রবিবার (২৯ নভেম্বর) গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলেনি। জেলার বিভিন্ন স্থানে গাছ কেটে ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় এবং লকডাউন সমর্থকেরা লগি-বৈঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় জেলার সরকারি অফিস, আদালত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।