প্রথম আলো ইংরেজির প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে জাজিরার নাওডোবা এলাকায় প্রায় ৭০০ থেকে ৮০০ লোক সমবেত হয়ে এই বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও দুটি ট্রাকে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনার কারণে ঢাকা–ভাঙ্গা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যার ফলে সেতুর উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান প্রথম আলোকে জানান, যৌথ অভিযানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।






