আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারী ঝুঁকি ভাতা নিচ্ছেন। বছরে এ খাতে বিতরণ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা এবং গত এক দশকে এ বাবদ প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগও রয়েছে। সম্প্রতি দুদক থেকে সুপারিশসহ প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসটিআইয়ের মোট ৬০৮ জন জনবলের সবাই এই ঝুঁকি ভাতা পাচ্ছেন, যা বছরে ২৫ থেকে ২৭ মাসের মূল বেতনের সমান। অর্থ বিভাগ ২০২২ সালে এই ভাতা বন্ধের নির্দেশ দিলেও হাইকোর্টে রিট করে তা অব্যাহত রাখা হয়। পাশাপাশি অডিট আপত্তিতে বিভিন্ন আর্থিক অনিয়ম, সরকারি ক্রয়বিধি লঙ্ঘন এবং ভবন সম্প্রসারণ ও কেনাকাটায় দুর্নীতির বিষয়ও উঠে এসেছে।