সমকালের খবর অনুযায়ী, পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগে মোশারফ হোসেন মুসা নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি তসলিম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আয়েশা আক্তারকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে যাওয়ার পর গোপনে তাঁদের বিয়ে হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।