ডেইলি অবজার্ভারের তথ্যানুযায়ী, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম প্রচার বা প্রকাশ না করার জন্য দেশের গণমাধ্যমগুলোর প্রতি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়েসার খান চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই সতর্কবাণী দেন। প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং একই সঙ্গে দলটির কর্মকাণ্ডের প্রচারও নিষিদ্ধ। গণমাধ্যমগুলোকে বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান তিনি।

এ সময় সরকারের পূর্বের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ইয়েসার খান চৌধুরী জানান, গত ২০২৫ সালের ১২ মে প্রকাশিত এক গেজেট প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।