ঢাকা টাইমস জানিয়েছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার সকালে কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক এ কর্মসূচি শুরু করেছেন। তাঁদের অবস্থানের কারণে গোলচত্বর ও এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পোশাক শ্রমিক মো. ইমরান বলেন, দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বেতন বৃদ্ধি ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, সকাল থেকে শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, তাঁরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।