সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সমকালের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং তাঁর অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় চলছে।
তিনি জানান, বাংলাদেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। এরপর ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি জানায়, বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। দেশটির আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর নির্দেশনা দেওয়া হলেও বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে, অর্থাৎ ১৬ জুন ২০২৬ তারিখে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধুমাত্র রেড নোটিশ জারি বা গ্রেপ্তারের মাধ্যমে এ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত স্থানীয় আইন অনুযায়ী প্রমাণ ও শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়। তাই বেনজীরের জামিন পাওয়া মানে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান নয়।
এছাড়া, বেনজীর আহমদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ বা পুনরুদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
উল্লেখ্য, এর আগে সংসদের তৃতীয় অধিবেশনে গত ৮ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধির ১৪৭ নম্বর বিধিতে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে সংসদকে অবহিত করার দাবি জানানো হয়েছিল। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসব তথ্য তুলে ধরেন।






