সমকালের প্রতিবেদন অনুযায়ী, সরকারি দলের সংসদ সদস্যদের আসনে বিশেষ বরাদ্দ দেওয়ায় বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের চিঠি পৌঁছে দেওয়া হবে।
এর আগে গত ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ সরকারি দলের ২০৩ জন সংসদ সদস্যের অভিপ্রায়ের প্রকল্প গ্রহণে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে ৫১ কোটি ১৮ লাখ টাকা এবং পরিবহন সহায়তা থেকে আরও ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেয়। সোমবার সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন এ বিষয়ে প্রশ্ন তুললে প্রতিমন্ত্রী জানান যে সরকার উন্নয়নে বৈষম্য করছে না এবং সমভাবে সব নির্বাচনি এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।
এদিকে সমকালের খবরে আরও জানানো হয়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দীন আহমদ। তিনি জানান, গাজী নজরুল বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এছাড়া চতুর্থ অধিবেশনের শুরুতে স্পিকার সংসদীয় রীতিনীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান এবং বৈঠকে পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন।






