প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি ঢাকার ছবি তুলে রিল তৈরি করে সেটি ভারতের জায়গা বলে চালানোকে নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।

প্রথম আলোর প্রতিবেদন উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকার বিভিন্ন জায়গায় শতাধিক চীনা ভ্লগার রিল তৈরি করছেন এবং সেই সব রিলে দেখানো জায়গাগুলো ভারতের বলে চালানো হচ্ছে। চীনের সামাজিক মাধ্যমে এগুলোর লাইভ সম্প্রচারও করা হচ্ছে।

এসব প্রশ্নের উত্তরে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের মিডিয়ার ওই খবর ভারত সরকারের নজরে এসেছে। তিনি বলেন, মিথ্যা আখ্যান তৈরি ও প্রচারকারীদের বোঝা উচিত, এতে তাদের দেশের বিশ্বাসযোগ্যতাও নষ্ট হচ্ছে। তিনি দাবি করেন, যাঁরা এটা করছেন এবং এর পেছনে আছেন, উভয়েই দোষী এবং তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ বিষয়ে চীনের সঙ্গে ভারত আনুষ্ঠানিক বার্তালাপ করেছে কি না, সে প্রশ্নে স্পষ্ট উত্তর দেননি জয়সোয়াল। তবে তিনি বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক এবং ওখানকার কর্তৃপক্ষের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

প্রথম আলো ৬ নভেম্বর একটি সংবাদে উল্লেখ করে, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দেড় শতাধিক চীনা নাগরিক অলিগলিতে ভিডিও ধারণ করছেন। স্থানীয় লোকজন জানেন না ভিডিওগুলো কোথায় প্রকাশিত হয় বা কী বলা হচ্ছে। এমনকি থানা-পুলিশও তাঁদের কার্যক্রমের ওপর নজরদারি করছে না। প্রতিদিন শতাধিক ভ্লগার এই কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশি নাগরিকদের এ জন্য টাকাও দিচ্ছেন।