বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে আইফোন ও টাকাসহ ওয়ালেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আল্লাহ করিম মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম তানভীর (২৯)। তিনি ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছেন এবং কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসিন্দা। তার বড় ভাই মো. হাসান সরকার জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে আটিবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ফুটওভারব্রিজের নিচে তিন-চারজন সশস্ত্র ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। মুঠোফোন ও ওয়ালেট কেড়ে নেওয়ার চেষ্টার সময় বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়। তার ডান হাত ও পিঠে ১২ থেকে ১৪টি কোপ দেওয়া হয়েছে।

ছিনতাইকারীরা একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং ওয়ালেটে থাকা ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে গেছে বলে জানান তার ভাই। স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।