ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বরং তাকে আসামি হিসেবে ভারতের কাছ থেকে হস্তান্তর বা প্রত্যর্পণ চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শেখ হাসিনা ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে। তাই তাকে সাধারণ যাত্রীর মতো দেখার সুযোগ নেই।
বাংলাদেশ-ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানানো হবে বলে জানান হুমায়ুন কবির। তিনি জানান, তাকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।
সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হওয়ায় প্রতিমন্ত্রী বলেন, আইনি নোটিশ বা প্রতিনিধিত্ব করলেই তার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।
এছাড়া, শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠানের কাজ করার বিষয়ে সমালোচনা করেন তিনি। তিনি দাবি করেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল এবং পরে তাদের সরে যেতে হয়। তিনি দাবি করেন, যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন, অধিকাংশ নৈতিক অবস্থান বজায় রেখেছেন।






