ঢাকা ট্রিব্রিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত আসন সংখ্যা দ্বিগুণেরও বেশি। এর ফলে বিশেষ করে নতুন, মাঝারি সারির এবং ঢাকার বাইরের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মারাত্মক শিক্ষার্থী সংকটে পড়তে পারে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, দেশের ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানে মোট ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি স্নাতক আসন রয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আসন ১০১,৮৬২টি। অন্যদিকে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে প্রায় ৪ লাখ ১০ হাজার। ফলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি।

এর বিপরীতে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬ লাখ ৪৬,৬৮৫ জন শিক্ষার্থী। ফলে উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে উচ্চশিক্ষায় আসন সংখ্যা ৮ লাখ ৪৫,৬০৩টি বেশি রয়েছে। তবে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এই সংখ্যা সামান্য পরিবর্তন হতে পারে।

ইউজিসির ২০২৪ সালের এক প্রতিবেদন (২০২২ সালের তথ্যের ভিত্তিতে) অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৩৮.২ শতাংশ আসন ফাঁকা ছিল। আর ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে গড়ে ৬০.৮ শতাংশ আসন খালি থেকে যায়। শিক্ষা বিশ্লেষক রাশেদা কে চৌধুরী ঢাকা ট্রিব্রিউনকে জানান, শিক্ষার্থীদের চাহিদা সঠিকভাবে মূল্যায়ন না করেই বহু বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।

শিক্ষাবিদ ড. শোয়েব জিবরান জানান, ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে দেশের উচ্চশিক্ষার বিস্তার অনিয়ন্ত্রিতভাবে হয়েছে। অন্যদিকে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন উল্লেখ করেছেন, অপ্রয়োজনীয় বিশ্ববিদ্যালয় অনুমোদনের পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে সরকার এখন শিক্ষার গুণগত মান উন্নত করতে এবং উচ্চশিক্ষায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে।