ঢাকা পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের পাশের একটি গাছে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত পাঠদান চলার সময় চতুর্থ শ্রেণির কক্ষের বাইরে একটি গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চতুর্থ শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজ ও ১৬ জন শিক্ষার্থী বজ্রপাতের আঁচ ও আতঙ্কে আহত হন। প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের শব্দ ও ঝলকানিতে তাদের কারও কারও শরীরের বিভিন্ন অংশ সাময়িকভাবে অবশ হয়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি হওয়ায় তাদের বাড়িতে পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।