আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক গণকণ্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দ উষান বাজারে এ ঘটনা ঘটে।
জিডির আবেদন সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে বন্দ উষান বাজারে মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানা পুলিশ। এ সময় পুলিশের সদস্যদের সঙ্গে তোফায়েল আলম ভূঁইয়ার সাক্ষাৎ হয়। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর স্থানীয় দুই ব্যক্তি তাকে ডেকে পুলিশের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় মো. মতিউর রহমান (৬০) ও সুলতান মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করে সোমবার রাতে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
তোফায়েল আলম ভূঁইয়া জানান, সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।






