সমকাল ও ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলী এলাকার মিফতাহুল মাদ্রাসায় ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শিক্ষার্থীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর (বুধবার) বিকেলে শিক্ষক রাব্বি হোসেন ওই শিশুকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরদিন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিতে মাদ্রাসায় গেলে সে তার মাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা ৮ নভেম্বর (রবিবার) রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে রাব্বি হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সমকাল প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বয়স ২৫ বছর উল্লেখ করা হলেও, ঢাকা টাইমসের প্রতিবেদনে তার বয়স ২৪ বছর বলা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।






