আজকের পত্রিকার তথ্য অনুযায়ী, গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণাকাজে ব্যবহৃত পুকুর নিয়ম ভেঙে ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেখানে চাষ করা মাছ শ্রমিকনেতারা বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, জনপ্রতি ১০ হাজার টাকার টিকিটের মাধ্যমে এসব মাছ বিক্রি করা হলেও সেই টাকা ব্রির তহবিলে জমা হয়নি। ব্রির খামারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রধান কার্যালয়ের শ্রমিক কলোনিতে অবস্থিত ওই পুকুর মাছ চাষ ও গবেষণার পানি সংরক্ষণের কাজে ব্যবহারের কথা। তবে পুকুরটি বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ব্রির মহাপরিচালক মো. রফিকুল ইসলাম।
আজকের পত্রিকাকে শ্রমিকনেতা মো. আলমগীর হোসেন দাবি করেছেন, পুকুরের মাছ বিক্রির টাকায় তাঁদের ক্লাব পরিচালিত হয় এবং ২০০৯ সালের ঘটনায় চাকরিচ্যুত শ্রমিকদের পরিবারকে কিছু অর্থ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ব্রি কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।





