পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আজকের পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, শনিবার সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি কোর্সে অধ্যয়নরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক মাইনুল ইসলাম শুভর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, স্বামী ও দুই সহকর্মীর সঙ্গে ঢাকার আদাবর থেকে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন নাবিলা। শনিবার বিকেলে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দর্শনে যান। সেখান থেকে ইজিবাইকে করে ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।