বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পোশাক খাতের চলমান অস্থিরতা নিরসনে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী, শ্রম উপদেষ্টাসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে ডেকেছেন প্রধানমন্ত্রী।
এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাভারে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানা রয়েছে।
সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিরপুরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকাল ৯টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে মিছিল নিয়ে জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে স্লোগান দেন। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা সড়কের পাশের বিভিন্ন দোকান ও যমুনা ব্যাংকের কাচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ এলাকায় আবারও সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় সড়কের ডিভাইডার ভেঙে মূল সড়কে ফেলে রাখা হয় এবং মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে সেটিকেও ধাওয়া করেন আন্দোলনকারীরা। দুপুর ২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের সাংবাদিকদের বলেন, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার মজুরি বোর্ড গঠনের পরও তারা যেভাবে আন্দোলন করেছেন, তাতে শ্রমিকদের মধ্যে একটি গোষ্ঠীর উসকানি থাকার বিষয়টি মনে হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
এদিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। পরে শিল্প পুলিশের অনুরোধে তারা সড়কের এক পাশে সরে যান। শ্রমিক অসন্তোষের মধ্যে শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, নিউএইজসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে। এ ছাড়া শ্রমিক আন্দোলনের কারণে কালিয়াকৈরের অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।





