বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মেহেরপুর জেলার নাজিরাকোনা বিওপির নাগারবিল এলাকায় অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ অভ্যন্তরে অবস্থান নিয়ে ওঁৎ পেতে ছিল। সন্দেহজনক ব্যক্তিদের দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিদের মধ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মো. আসাদুল (৫০) এবং মো. জুয়েল হোসেন (৩০)। তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।