বাংলা ট্রিবিউনের তথ্যানুযায়ী, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা মামলায় কয়েক দিনের ব্যবধানে তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং এক তরুণীকে গ্রেফতার করেছে নৌপুলিশ। দুজনই বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। গত ২৭ অক্টোবর রাতে উত্তরা থেকে বের হওয়ার পর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, তদন্তে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল আলামত এবং সন্দেহভাজনদের বক্তব্যের মধ্যে অসংগতি পাওয়া যাচ্ছে। দীপের দাবি, পুলিশের মতো দেখতে দুজনকে দেখে পালানোর সময় তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। অন্যদিকে গ্রেফতার তরুণীর আইনজীবী দাবি করেছেন, ঘটনার রাতে তাকে বাসায় পৌঁছে দেওয়ার পর তাহসিফ বেঁচে ছিলেন এবং তার মায়ের কাছে ভয়েস বার্তা পাঠিয়েছিলেন।
বাংলা ট্রিবিউনকে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে এবং সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। তদন্তের এই পর্যায়ে চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না এবং দৃশ্যমান অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।






