বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিক নিয়ে প্রশ্ন তুলে তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি নিহত তাহসিফ সাউরির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার লাশ নদ থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিক নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।

তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায্যবিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।

একই দিনে বাংলা ট্রিবিউনের খবরে জানানো হয় যে, তাহসিফ সৌরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এই শোক ও সমবেদনা জানান তিনি।