দেশ রূপান্তর-এর তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে এক দিনে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং হাসপাতালের আশপাশেই বসবাস করতেন।
অন্যদিকে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে রাহাত (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রাহাতও ভবঘুরে জীবনযাপন করতেন এবং উদ্যানেই থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ডের মাঝখানের জোড়া সিঁড়ির নিচ থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তবে আজকের পত্রিকা ও সারাবাংলা জানিয়েছে, মৃত ব্যক্তি একজন বৃদ্ধা ছিলেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তির এক পায়ে পচন ধরেছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া তিনটি মরদেহই বেওয়ারিশ হিসেবে শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে কোনো দাবিদার পাওয়া না গেলে সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।






