চ্যানেল ২৪-এর তথ্যানুযায়ী, গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। গত রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গত রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুসারে নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারের মজুরি বোর্ড গঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। ইনকিলাব পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এক বিবৃতিতে জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের চাপের বিষয়টি মালিকপক্ষ উপলব্ধি করে। তবে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জের কথাও তিনি উল্লেখ করেন। শ্রমিকদের জীবনমান সুরক্ষা এবং শিল্পের সক্ষমতা ধরে রাখতে আলোচনাভিত্তিক বাস্তবসম্মত মজুরি কাঠামোর ওপর জোর দিয়েছেন তিনি।
অন্যদিকে, ডেইলি অবজার্ভার পত্রিকার প্রতিবেদনে প্রকাশ, ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলন ও মিরপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) অন্তত ২৮ জনকে আটক করেছে। পুলিশের দাবি, আটকদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছেন।






