সমকালের প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় গত সোমবার রাতে হয়ে যাওয়া অগ্নিকাণ্ডে আহত চার শিক্ষার্থীর মধ্যে তিনজনের শারীরিক অবস্থা এখনো উন্নত হয়নি। তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। শারীরিক অবস্থা কিছুটা উন্নত হওয়ায় অন্য একজনকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ড. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, ঘটনায় আহত হয়ে ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৮ জন শিক্ষার্থী পর্যবেক্ষণে আছেন।

গুরুতর আহতরা হলেন—খায়রুল ইসলাম (২২), মো. ইউসুফ (২০), জুবায়ের (১৮) ও আজিজুল হক সিয়াম (১৪)। ড. সুলতান বলেন, তিনজনের অবস্থা কোনো উন্নতি নেই। শ্বাস-প্রশ্বাসের সমস্যা গুরুতর হওয়ায় আজিজুলকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রেখা হয়েছে। রোগীদের চিকিৎসা পর্যালোচনার জন্য দুটি পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খান জানান, তারা সার্বিকভাবে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পুলিশ, ফায়ার সার্ভিস ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের সাথে কথা বলা হয়েছে।