একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে কুরচাতভ ইনস্টিটিউটে দীর্ঘায়ু ও অমরত্বের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে একটি ব্যাপক গবেষণা প্রকল্প চলছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পের পেছনে পুতিনের দীর্ঘদিনের বিজ্ঞান উপদেষ্টা ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক কাজ করছেন। ইনস্টিটিউটে ২২ প্রজাতির প্রায় সাত হাজারের বেশি বানর নিয়ে গবেষণা করা হচ্ছে, যাদের মধ্যে ৩০ বছরের বেশি বয়সী বানরদের একটি বিশেষ দল নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

বিজ্ঞানীরা এই বানরদের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের পরীক্ষা-নিরীক্ষা করে বার্ধক্য জয়ের জৈবিক সূত্র খুঁজছেন। অস্বাভাবিক দীর্ঘায়ু সম্পন্ন বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য একটি বিশেষ 'ব্লাড ব্যাংক'ও তৈরি করা হয়েছে।

পুতিনের বড় মেয়ে ও অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া ভরোন্তসোভাও এই প্রকল্পে সরাসরি জড়িত। তিনি সম্প্রতি রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনা প্রকাশ করেছেন।

বিশ্লেষকরা মনে করেন, গত বছর বেইজিং ভ্রমণের সময় চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে পুতিনের অঙ্গ প্রতিস্থাপন ও ১৫০ বছর বাঁচার সম্ভাবনা নিয়ে আলোচনার পর এই প্রকল্প গতি পেয়েছে।

বানর গবেষণার পাশাপাশি রাশিয়ায় জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক প্রিন্টিং, জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ শূকরের দেহে মানব অঙ্গ প্রতিস্থাপন এবং 'আরএজিই' জিন নিষ্ক্রিয় করার ওষুধ আবিষ্কারের কাজও চলছে।