লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার আফজাল রোড এলাকায় বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে একটি শিক্ষিকাকে মারধর করে তার স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ চন্দ্রগঞ্জ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি স্কুলের দায়িত্ব শেষে বাড়ি ফেরার জন্য আফজাল রোড থেকে অটোরিকশায় ওঠেন। গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে, কিন্তু অটোরিকশাটি সেখানে না নিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ সড়ক দিয়ে এগিয়ে যায়।
একপর্যায়ে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা শিক্ষিকাকে মারধর করে হাত, কান ও গলার স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব সমকালকে জানান, ঘটনায় অটোরিকশার চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।






