ইনকিলাব প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুইল ইউনিয়নের রাজাপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে বাল্কহেডের সাথে সংঘর্ষে ৬৭০ বস্তা সারবোঝা একটি ট্রলার ডুবি পড়ে।
ডুবে যাওয়া ট্রলারে টিএসপি ১০০ বস্তা, ডিএপি ৩২০ বস্তা এবং এমওপি ২৫০ বস্তা সার ছিল। এসব সার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নেওয়া হচ্ছিল। মিঠামইন উপজেলার বিএডিসি সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পেয়েছিল, যার মধ্যে ৬৭০ বস্তা গত রোববার বিকেলে ভৈরব নদীবন্দর থেকে বিল্লাল মাঝির ট্রলারে লোড করা হয়েছিল।
দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ডিলার ও ট্রলার মালিক পক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় ডুবরিদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে।
এদিকে দুর্ঘটনার কারণ, প্রকৃত ক্ষতির পরিমাণ ও সার ডুবে যাওয়ার বিষয়টি তদন্ত করার জন্য মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু জানান, ট্রলার ডুবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






