গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টসকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। সাকিবসহ কয়েকজন গার্মেন্টসকর্মী ওই কক্ষগুলোতে ভাড়া থাকতেন। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের পরিচয় ও আঘাতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।






