তৈরি পোশাকশিল্পে রপ্তানি আয় বাড়লেও নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে জীবনযাত্রার মৌলিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশের পোশাকশ্রমিকরা। প্রথম আলো ইংরেজির এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। গত ৪ নভেম্বর সরকারি নিম্নতম মজুরি বোর্ড ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে, যার প্রথম বেতন জানুয়ারি মাসে পাওয়ার কথা। তবে বৃদ্ধির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি।
গাজীপুরের পোশাকশ্রমিক শিল্পী খাতুন জানান, পাঁচ বছর ধরে এ খাতে কাজ করলেও বাড়িভাড়া ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারে টানাপোড়েন চলছে। স্বামী বেকার থাকায় এবং পরিবার তার আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় স্বাস্থ্যসেবা ও খাদ্যের মতো মৌলিক চাহিদা সীমিত করতে বাধ্য হচ্ছেন তিনি। আশুলিয়ার আরেক শ্রমিক রোকসানা পারভীন জানান, খরচ বাঁচাতে তার এক মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে হয়েছে।
কারখানা মালিকদের দাবি, অতিরিক্ত মজুরি বৃদ্ধি ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশকে পিছিয়ে দিতে পারে। পাশাপাশি উচ্চ জ্বালানি খরচের মধ্যে মুনাফায় টান পড়বে। মালিকরা জানান, মূল মজুরির পাশাপাশি শ্রমিকরা বছরে ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও দুটি উৎসব বোনাস পেয়ে থাকেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে এবং চার মিলিয়নেরও বেশি শ্রমিক এতে নিয়োজিত। তবে ২০২২ সাল থেকে গড়ে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতির কারণে সাধারণ শ্রমিকদের জীবনযাত্রা চরম চাপের মধ্যে রয়েছে।





