ভারতের বিপক্ষে চলতি মাসের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই দলে জায়গা পেয়েছেন পেসার জ্যাকব ডাফি। বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে ২৩ উইকেট নিয়েছিলেন ডাফি। তবে প্রথম সন্তানের জন্মের কারণে এ বছর ইংল্যান্ড সফর থেকে তিনি বাইরে ছিলেন। এবার প্রায় ১১ মাস পর পুনরায় টেস্টে ফেরার সুযোগ তৈরি হলো তার সামনে।

দলে পেস বিভাগে ডাফির সঙ্গে রয়েছেন চোট কাটিয়ে ফেরা ম্যাট হেনরি, কাইল জেমিসন, নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার। ব্যাটিং লাইন-আপে কিছু খেলোয়াড়ের চোটের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানায়, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র চোট কাটিয়ে প্রথম টেস্টে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

২০২৪ সালে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ৩-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবারই প্রথম দুই দল টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।