সমকালের প্রতিবেদন অনুযায়ী, টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক ও কর্মমুখর হয়ে উঠছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি প্রয়োজনে ৮৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রাখা হয়েছে। এসব কারখানায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ জানায়, স্বাভাবিক সময়েও সাপ্তাহিক ছুটির দিনে জরুরি শিপমেন্টসহ বিভিন্ন প্রয়োজনে কিছু পোশাক কারখানা খোলা রাখা হয়। এরই ধারাবাহিকতায় ৮৮টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশের সদস্যরা।

শিল্পাঞ্চল পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরির দাবি সমাধানের তাগিদ দিয়েছেন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন।