ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির বাজারে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভোক্তারা। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর রমজানে দেশে কৃত্রিম সংকট তৈরি করে ভোগ্যপণ্যের দাম বাড়ানো হয়। রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের চাহিদা ও দাম বাড়ে। সয়াবিন তেল, চিনি, খেজুর, বিদেশি ফল ও মাংসের বাজারে স্বস্তি নেই।

বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে ইনডিপেনডেন্ট টিভিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেন, রমজানে তদারকি দলগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ও এর সঙ্গে থাকে।

এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন খুচরা বাজারের পাশাপাশি আমদানি ও মিল পর্যায়ে কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন। এছাড়া বিশ্লেষকরা রমজানে বাজার স্বাভাবিক রাখতে সামাজিক কর্মসূচি বাড়ানোর তাগিদ দিয়েছেন।