আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক ও কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, নতুন সিদ্ধান্তে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের নতুন শুল্কহার কার্যকর থাকবে। ফলে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।
অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ফল দুটির আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। এই নতুন শুল্ক-করহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে এবং বাজারে দাম নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। জানা গেছে, শুল্ক কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বাজারসংশ্লিষ্টদের মতে, আমদানি ব্যয় কমলেও বাজারে তার প্রতিফলন নিশ্চিত না হলে ক্রেতারা প্রত্যাশিত স্বস্তি পাবেন না।






