ঢাকা পোস্টের সূত্রে জানা গেছে, দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের দীর্ঘমেয়াদী বিকাশ ধরে রাখতে ব্যবসা সহজীকরণ, উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদন এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে কাজ চলছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এই তথ্য জানান। তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ এবং মোট রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, আগে একটি ব্যবসা শুরু করতে বিভিন্ন অনুমতি পেতে গড়ে ৩৫৫ দিন সময় লাগত। সরকার এই সময় কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার কর্মপন্থা নির্ধারণ করেছে এবং পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি পরিকল্পনা তৈরির কাজ চলছে বলেও ঢাকা পোস্টকে জানানো হয়েছে।






