সমকালের প্রতিবেদন অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ঘন কুয়াশা ঝরার পাশাপাশি হিমেল হাওয়া বইছে। গত কয়েক দিন ধরে ঠিকমতো সূর্যের দেখা মিলছে না। দিনে রোদের তাপ থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শীত বাড়ছে। এতে ভোরবেলা সবজি বাজারে নেওয়া চাষি, কৃষিশ্রমিক ও গাড়িচালকরা বিপাকে পড়েছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, কয়েক দিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আকাশ মেঘলা থাকে এবং সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারায় ঠান্ডা অনুভূত হচ্ছে। কয়েক দিনের মধ্যে শীতের প্রকোপ বাড়তে পারে।

এদিকে জয়পুরহাটেও শীতের প্রকোপ বেড়েছে। সোমবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস বইছে এবং মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোয় যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাট ও পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।