মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ম্যুরাল স্থাপন করা হয়েছে। সমকালের প্রতিবেদন অনুযায়ী, ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত ম্যুরালটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল। সমকালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে ফেলেন। তবে মূল স্তম্ভ ও অবকাঠামো অক্ষত ছিল।