সমকালের প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে।

এজাহারে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, রোববার রাত সোয়া ২টার দিকে উত্তর মাসদাইর এলাকার গাবতলীতে আমেনা গার্মেন্টস-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযুক্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন যুবলীগ নেতা মো. হাসান, সামসুজ্জামান জামান, সোহেল ও আব্দুল বারিক ইসলাম হৃদয়। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম। তিনি জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।