সারাবাংলার খবর অনুযায়ী, দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে হুমায়ুন আহমেদ তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ প্রতিনিধি সভায় এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ডা. আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ-সভাপতি মাওলানা আকাইদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা হাফেজ আবু হানিফ, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং শ্রমবিষয়ক সম্পাদক সাইদুর রহমান শাহিনসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, ২০১৩ সালে বিএনপির সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে এই দলের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে। তিনি আরও জানান, আগামী দিনে গণতান্ত্রিক সরকারের সব কার্যক্রমে তারা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।