ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরান যুক্তরাষ্ট্রে হামলা চালাতে 'ডার্টি বোমা' বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। সম্প্রতি এই বিষয় নিয়ে সিনিয়র মার্কিন কর্মকর্তারা বৈঠক করেছেন এবং সম্ভাব্য বিপদ মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

গোয়েন্দা সূত্রের দাবি, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তৈরি ডার্টি বোমা ওয়াশিংটন ও নিউ ইয়র্কের মতো বড় শহরে বিপর্যয় সৃষ্টি করতে পারে। মার্কিন প্রশাসন ইরানের পক্ষ থেকে আমেরিকার মাটিতে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার দাবিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। কর্মকর্তাদের আশঙ্কা, পাচারকারীদের মাধ্যমে ইতিমধ্যেই আমেরিকার ভিতরে ডার্টি বোমা লুকিয়ে রাখতে পারে ইরান। যদিও এই দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত প্রমাণ এখনো সামনে আসেনি।

ইরানের পাচার চক্র বেশ শক্তিশালী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে বহু ইরানি নাগরিক বসবাস করেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরান যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। ডার্টি বোমা হামলার জন্য যুদ্ধবিমান বা ড্রোনের প্রয়োজন হয় না, সাধারণ বিস্ফোরকের মতোই মাটি থেকে এই বোমা ব্যবহার করা সম্ভব। বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এবং আতঙ্ক ও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। কোয়াড ও আসিয়ান সম্মেলন শেষে ম্যানিলা থেকে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের, সেখানে তিনি অ্যাপেক সম্মেলনে অংশ নিবেন। ঐ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ট্রাম্প জানান, সুযোগ পেলে পুতিনের সঙ্গে বৈঠক করার চেষ্টা করবেন। —সিএনএন