খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। ঢাকা টাইমসের খুলনা ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৮) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৪)। তবে ইত্তেফাকের প্রতিবেদনে নিহত স্বামীর নাম উল্লেখ করা হয়েছে স্বপন কুমার সরকার এবং বয়স ৫৭ বছর, স্ত্রীর বয়স ৪৫ বছর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্বপন কুমার রায় ও তাঁর স্ত্রী মোটরসাইকেলে করে খুলনা থেকে নিজ বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুরে ফিরছিলেন। পথে গোলনা রাহাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তাঁরা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এরপর পেছন থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

এতে স্বপন কুমার রায়ের শরীর মারাত্মকভাবে থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে তাঁর স্ত্রী হান্না সরকার মাথা ও বুকে গুরুতর আঘাত পান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

নিহত দম্পতির স্বজন শিমন সরকার জানান, তাঁরা দুজনই একটি মিশনে চাকরি করতেন এবং তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত একটি বাস ঘটনাস্থলে রয়েছে এবং নিহতদের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।