যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। জনকণ্ঠের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনারের ময়নাতদন্তের নথি ও ছবি বিশ্লেষণ করে অধ্যাপক মাইকেল ফ্রিম্যান এই মতামত প্রকাশ করেছেন।
বিবিসি নিউজ নাইটকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রিম্যান বলেন, ময়নাতদন্তের নথি ও ছবিতে এমন কিছু আলামত পাওয়া গেছে, যা শ্বাসরোধ করে হত্যার ইঙ্গিত দেয়। তবে তিনি নিজে এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন তাঁকে এসব নথি ও ছবি সরবরাহ করেছিলেন।
ফ্রিম্যানের বিশ্লেষণে এপস্টেইনের বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া গলায় ফাঁসের দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ধারণা, কোনো ফাঁস বা দড়িজাতীয় বস্তু দিয়ে পেছন থেকে শ্বাসরোধ করা হয়েছিল। পরে একই বস্তু ব্যবহার করে মরদেহটি বাঙ্ক বেডের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।





