সমকালের প্রতিবেদন অনুযায়ী, জলপথ পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি ও মৎস্য উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী ১৫০০ খাল এবং ১৫০টি ছোট নদী পুনর্খননের একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘দেশব্যাপী খাল খনন, ছোট নদী ও জলাশয় পুনর্খননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ বৃদ্ধি’ নামের এই প্রকল্পে কোনো বিদেশি ঋণ ছাড়াই ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে। এর আগে পরিকল্পনা কমিশন খাল নির্বাচনে দ্বৈততা ও ব্যয় বিভাজনের মতো কিছু বিষয়ে আপত্তি তুললেও, তা সংশোধনের শর্তে অনুমোদনের সুপারিশ করেছে। প্রকল্পের আওতায় ১ হাজার ৪৮১টি খাল, ১৫১টি ছোট নদী এবং ১২টি জলাশয় পুনর্খনন করা হবে। এছাড়া এক লাখ ৭ হাজার গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।