বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানম্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার অপচেষ্টা করছে।

শনিবার বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার আওতাধীন শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিমঢ় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেকেই অনেক কিছু ভাবছেন; কিন্তু বিএনপি এখনো মাঠে নামেনি। বিএনপি যদি সত্যি মাঠে নামে, তবে আপনারা কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না।

দেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাই আসুন, অযথা বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি। গঠনমূলক ও সঠিক পরামর্শ দিয়ে সরকারকে সাহায্য করুন।

জামায়াতে ইসলামীর দিকে পরোক্ষ ইঙ্গিত করে তিনি আরও বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিংয়ের চেষ্টা করছে। তারা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা সুস্থ রাজনীতি করুন; কিন্তু কোনো অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ফেরার গুঞ্জন নিয়ে কড়া সতর্কবার্তা দিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কিছু নেতা ভারত থেকে ফিরে এসে বিভিন্ন এলাকায় আস্তানা গাড়ার চেষ্টা করছে। আর বিএনপির ভেতরের কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তার সাফ কথা—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। শত্রুপক্ষের মিত্র বা আওয়ামী দোসরদের সঙ্গে যারা আঁতাত করবে, বিএনপিতে তাদের কোনো স্থান নেই। এদের একযোগে রুখে দাঁড়াতে হবে। ক্ষমতার পটপরিবর্তনের পর যারা গায়ের রং বদলে বিএনপি সেজেছেন, তাদেরও কোনো ছাড় নেই।

শাহজাহানপুরের ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।

তথ্যসূত্র: একাত্তর টিভি (২০২৬-১০-৩১)।