একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, রংপুরে অটোচালক মো. আরিফুল ইসলাম (২৯) হত্যা মামলায় সেনাসদস্য শাহীন শেখকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী অভিযুক্ত সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গত ২৩ নভেম্বর নিখোঁজ হন আরিফুল ইসলাম। তিনি রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। ছেলের সন্ধান না পেয়ে পরদিন ২৪ নভেম্বর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এরপর তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের একপর্যায়ে আরিফুলের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ। ওই সূত্র ধরে রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সেনাসদস্য শাহীন শেখের বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকেই আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডে সেনাসদস্য শাহীন শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে অভিযুক্ত সদস্যকে নিজেদের হেফাজতে নেয় সেনাবাহিনী। নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত সেনাসদস্য ও আরিফুলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো এবং মাদকসংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে। তবে কীভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিলো বা বিরোধের প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে গ্রেপ্তার হওয়া সেনাসদস্য শাহীন শেখের দাবি, আরিফুল বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেল করতেন।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে মাথায় আঘাত এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আরিফুলকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।