আজকের পত্রিকার খবর অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়লেও মান নিয়ন্ত্রণ ও ক্রেতাদের আস্থা অর্জন এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্যাকেজিং, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ টন। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১ হাজার ১০১ দশমিক ৯২ টন বা প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরে রপ্তানির মধ্যে ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ টন তাজা ফল, ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ টন তাজা শাকসবজি এবং ২২৫ দশমিক ৫৯ টন মসলা ও অন্যান্য কৃষিপণ্য অন্তর্ভুক্ত ছিল। ফলের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে আম, কাঁঠাল এবং লেবুজাতীয় ফল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় প্যাকিং হাউস চালুর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে নন-কমপ্লায়েন্স নোটিফিকেশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিষ্ঠানটি চালুর আগে বছরে ১২০ থেকে ১৭০টি নোটিফিকেশন আসলেও বর্তমানে তা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।