সমকাল সূত্রে জানা যায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখলের অভিযোগ উঠেছে। সোমবার সকালে মুক্তিযুদ্ধের বাজার সংলগ্ন এ গোডাউনটিতে বিএনপির সাইনবোর্ড টানানো দেখতে পায় এলাকাবাসী।
ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী সূত্রে বলা হয়, কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দীন টিপু ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানার কাছে গোডাউনটি ভাড়া নেওয়ার প্রস্তাব দেন। তবে চেয়ারম্যান ভাড়া দেওয়ার অনুরোধে সম্মত হননি।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দীন টিপু সমকালকে জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে কে বা কারা সাইনবোর্ডটি টানিয়েছেন তা তিনি জানেন না। অন্যদিকে, ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা দাবি করেন, গোডাউন ভাড়া দেওয়ার এখতিয়ার তার নেই এবং তিনি বিএনপির নেতাদেরকে তার অপারগতা জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা বলেন, বিএনপির সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা এ ঘটনা ঘটাতে পারে। তিনি দ্রুত নেতাকর্মীদেরকে সাইনবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন বলেও জানান।






