বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা পৌর শহরে বিএনপির র‍্যালির সময় মুহূর্তে মুহূর্তে ককটেল বিস্ফোরণ ও বিশেষ পোশাক পরা ব্যক্তিদের মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (৮ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চবিদ্যালয়ের ফটক এলাকায় পৌঁছালে নিউ সুলতান মার্কেট ও জিরো পয়েন্টে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। তাদের দাবি, র‍্যালির আগে ও পরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।

নিরাপত্তায় হলুদ রঙের বিশেষ পোশাক, হেলমেট ও মাস্ক পরা দুই শতাধিক ব্যক্তিকে লাঠি হাতে অংশ নিতে দেখা যায়। তাদের কারও কারও হাতে ব্যাগও ছিল। তবে ব্যাগে কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, তবে ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে তা তার জানা নেই।

জেলা বিএনপির নেতারা এ ঘটনায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, ঐক্য ও সংহতির কর্মসূচিতে এমন মহড়া ও বিস্ফোরণ কীসের ইঙ্গিত দিচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছে এবং গত ২ সেপ্টেম্বরের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হন।